• ঢাকা
  • বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ এপ্রিল, ২০২৬

টেলিকম সেবা সচল রাখতে জ্বালানি সহায়তা চায় বিটিআরসি

জ্বালানি পরিবহন ও টাওয়ার রক্ষণাবেক্ষণ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে জ্বালানি সংকটের মধ্যে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) এ সহযোগিতা চেয়ে বিটিআরসি থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতির কারণে মোবাইল অপারেটরদের সাইট ও সার্ভার প্রায়ই ডাউন হচ্ছে, ফলে সেবা ব্যাহত হচ্ছে।

নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখতে অপারেটরদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে জানিয়ে জ্বালানি পরিবহন ও টাওয়ার সাইটে রক্ষণাবেক্ষণ কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

এদিকে জ্বালানি সংকট মোকাবিলায় টেলিকম খাত সংশ্লিষ্টদের নিয়ে যৌথ সভা করছে বিটিআরসি। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, মোবাইল অপারেটর, এনটিটিএন ও টাওয়ারকো অপারেটরদের সঙ্গে প্রথম সভা অনুষ্ঠিত হবে।

পরদিন ২৩ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের নিয়ে আরেকটি সভা হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে টেলিকম খাতে জ্বালানি সংকটজনিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর