
উপজেলা প্রতিনিধি, সদর :
এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রচণ্ড গরমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বস্তি দিতে নোয়াখালীতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন Team of Volunteer। সংগঠনটির সদর শাখার আয়োজনে মঙ্গলবার (২১ এপ্রিল) নোয়াখালী জিলা স্কুলের সামনে অনুষ্ঠিত হয় “শীতল পরশ” শিরোনামে শরবত বিতরণ কর্মসূচি।
আয়োজকরা জানান, তীব্র গরমে পরীক্ষাকেন্দ্রে আসা শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৮০০ জন পরীক্ষার্থী ও অভিভাবকের মাঝে শরবত বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবীরা বলেন, “এক গ্লাস স্বস্তি, এক মুঠো ভালোবাসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাদের এ ক্ষুদ্র প্রয়াস। তীব্র রোদে ক্লান্ত মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, এটি তাদের ১৪৯তম কার্যক্রম। তারা বিশ্বাস করেন, ছোট ছোট মানবিক উদ্যোগই সমাজে বড় পরিবর্তন আনতে পারে। Team of Volunteer ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :