
উপজেলা প্রতিনিধি, সদর :
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাইজদীতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬। এ উপলক্ষে বুধবার (২৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী দিনে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সরওয়ার উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, একটি সুস্থ, কর্মক্ষম ও মেধাবী জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধিমূলক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সুষম খাদ্য, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিশু-কিশোরদের অংশগ্রহণে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬ পালিত হবে।
আপনার মতামত লিখুন :