• ঢাকা
  • রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬

নোবিপ্রবি প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি :
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) এক শোকবার্তায় তিনি বলেন, নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। স্নাতক সম্পন্নের পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, বৃষ্টির এভাবে চলে যাওয়া বিশ্ববিদ্যালয় পরিবারকে গভীরভাবে শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। একই সঙ্গে তার মৃত্যুর সঙ্গে জড়িতদের যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে শাস্তি এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান উপাচার্য।

শোকবার্তায় উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেন শোকাহত পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি লাভ করে।
ব্যক্তিগতভাবে বিষয়টির অগ্রগতি নিয়মিত খোঁজখবর রাখছিলেন উল্লেখ করে উপাচার্য বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি আপডেট নিচ্ছিলেন এবং আশাবাদী ছিলেন যে নাহিদা বৃষ্টি সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে আসবেন। তবে শেষ পর্যন্ত সেই আশার অবসান ঘটে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী—জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। পরবর্তীতে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, তারা উভয়েই মারা গেছেন। নাহিদা বৃষ্টির বাড়ি ফরিদপুর জেলায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ফতেহ নুর রোবেল।

আরও পড়ুন

  • . এর আরও খবর