• ঢাকা
  • সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬

সদরের পূর্ব এওজবালিয়ায় ছেলের নির্যাতনে বাবার মৃত্যু, মা বাড়িছাড়া

উপজেলা প্রতিনিধি, সদর
সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের আদর্শ সমাজের ব্যাপারি বাড়িতে ছেলের নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই ছেলের বিরুদ্ধে মাকে নির্যাতন, জালিয়াতি করে ঋণ গ্রহণ এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বিবি খোদেজা (৬৫) জানান, তার তৃতীয় ছেলে জাকির হোসেন (৪২) কৌশলে তাকে জামিনদার দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ২০২২ সালে তিনি কারাবরণ করেন। পরে স্বামীর জমি বিক্রি করে ঋণ পরিশোধের মাধ্যমে তিনি মুক্তি পান।

এ ঘটনায় প্রতিবাদ করায় জাকির হোসেন একাধিকবার তার বাবা আবুল খায়েরকে প্রকাশ্যে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে লজ্জা ও অপমানে ২০২৩ সালের ২৭ জুলাই স্ট্রোক করে মারা যান তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে সুধারাম মডেল থানায় জাকির হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এর আগেও থানায় সাধারণ ডায়েরি ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন তিনি।
বিবি খোদেজা বলেন, ছেলের অপমান সহ্য করতে না পেরে আমার স্বামী মারা গেছেন। আমি এখন ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু কোথাও বিচার পাচ্ছি না।

স্থানীয়রা জানান, অভিযুক্ত জাকির হোসেন পেশাগত প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পরিবারকে জিম্মি করে রেখেছেন। এ বিষয়ে একাধিকবার সালিশ হলেও তার আচরণে পরিবর্তন আসেনি।

বর্তমানে ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে বিবি খোদেজা ছোট ছেলেকে নিয়ে সোনাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। সেখানেও তিনি হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন অভিযোগ অস্বীকার না করে বলেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছে, প্রয়োজনে মায়ের কাছে ক্ষমা চাইবো।’

নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন মাসুদ জানান, লিখিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন