
উপজেলা প্রতিনিধি, সদর :
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে মাইজদী টাউন হল মোড়ে জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশায় মাইক লাগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন অজ্ঞাত এক যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালিয়ে যান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজি অটোরিকশা নিয়ে ওই যুবক কার্যালয়ের সামনে এসে অটোরিকশার ওপর দুটি লাউডস্পিকার স্থাপন করেন।
পরে মাইক্রোফোন হাতে নিয়ে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম” এবং “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”—সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অটোরিকশাযোগে পালিয়ে যান ওই যুবক। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসেও একই কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো ও স্লোগান দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গত বছরের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে।
আপনার মতামত লিখুন :