• ঢাকা
  • বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬

সেনবাগে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং’ ক্যাম্পেইনের উদ্বোধন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ছমির মুন্সির হাটে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ‘ক্যাশলেস ব্যাংকিং’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পূবালী ব্যাংক পিএলসি ছমির মুন্সির হাট শাখার উদ্যোগে এই বিশেষ প্রচারণামূলক কার্যক্রমের সূচনা হয়।
বাজারের জমজম টাওয়ারের সামনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি-এর উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাইফুল ইসলাম।

উদ্বোধন শেষে বাজারের একটি স্থানীয় হোটেলে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শিরোনামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং ব্যাংক কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তারা ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, কাগজের নোট বা ধাতব মুদ্রার ব্যবহার কমিয়ে ঝুঁকিহীন ও দ্রুততম সময়ে লেনদেনের জন্য ক্যাশলেস সিস্টেম বা কিউআর কোড (QR Code) ভিত্তিক লেনদেন বর্তমান সময়ের দাবি। এতে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অর্থ সাশ্রয় ও স্বচ্ছতা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম জহির, ব্যবসায়ী আহছান উল্লাহ, সেনবাগ উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ওমর ফারুক, ব্যবসায়ী বেলাল হোসেন ও কাজী হুমায়ুন প্রমুখ।

এসময় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ব্যাংকিং খাতকে সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস করার অংশ হিসেবে এই সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে পূবালী ব্যাংক পিএলসি।

আরও পড়ুন

  • . এর আরও খবর