
উপজেলা প্রতিনিধি, চাটখিল :
জেলার চাটখিল পৌর বাজারে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অপরাধে একটি মৎস্য আড়তকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে প্রায় ত্রিশটির মতো ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার প্রায় ত্রিশটির মতো ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ‘সাগরিকা মৎস্য আড়ত’-এ ৭০০ গ্রামের প্রতিটি বাটখারায় ৫ গ্রাম করে ওজন কম দিচ্ছে, যা ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ২৯ ধারার একটি সুস্পষ্ট লঙ্ঘন। ওজনে এই কারচুপির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং বাজারে সঠিক পরিমাপ বজায় রাখতে আমাদের এই নিয়মিত তদারকিা। ব্যবসায়ীদের প্রতিবছর তাদের বাটখারা গুলো সঠিক আছে কি না তা যাচাই করার বিধান থাকলেও অনেকে তা মানছেন না। ওজনে কম দিয়ে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারের স্থিতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনাকালে বিএসটিআই জেলা কার্যালয়ের প্রতিনিধিদল এবং চাটখিল থানা পুলিশের একটি টিম ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করে।
আপনার মতামত লিখুন :