• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬

মাইজদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু, অবহেলার অভিযোগে বিক্ষোভ

Oplus_131072

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন বাবু (৩২) নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। নিহত বাবু সেনবাগ উপজেলার কেশরপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং দুই সন্তানের জনক।
পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বুকে ব্যথা ও ঠান্ডাজনিত সমস্যায় তাকে নোয়াখালী শহরের প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে এবং রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে তিনি মারা যান।
স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার পর দীর্ঘ সময় কোনো চিকিৎসক সরাসরি রোগীকে দেখেননি। পরে নার্সের মাধ্যমে একটি ইনজেকশন (ইসোটিড ৪০ মি.গ্রা.) দেওয়ার পরই তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং মৃত্যু হয়। তারা অভিযোগ করেন, দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা প্রাইম হাসপাতালের চিকিৎসক ডা. গিয়াস উদ্দিনের অবহেলার অভিযোগ তুলেছেন।

নিহতের এক স্বজন বলেন, “আমরা যথাসময়ে উপযুক্ত চিকিৎসা পাইনি। চিকিৎসকদের গাফিলতি না থাকলে হয়তো মানুষটা বেঁচে থাকত।”
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রোগীকে হাসপাতালে আনার আগেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। ভর্তি করার পর সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিক্ষোভ শুরু করেন স্বজন ও স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রাইম হাসপাতালের এজিএম শিপনকে থানায় নেওয়া হয়েছে বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে হাসপাতাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন সকালে মাইজদীর প্রাইম হাসপাতাল পরিদর্শন করেন এবং সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও হাসপাতালটির বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর