
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বেগমগঞ্জে ‘মুক্ত পাঠাগার’-এর উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১ মে ’২৬) সকালে আলাইয়ারপুরের কাজিরহাটে পাঠাগারের কার্যালয়ে র্যালি, পথনাটক, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতায় জেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শেষে নির্বাচিত ২০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
‘মুক্ত পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা আবদুল্যাহ ইবনে সাজিদ (তাহমিদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মমিন উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক ফারুক আল ফয়সাল, এম এ হাসেম কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মো. আব্দুল মালেক, লেখক ও ব্যাংকার কামরুজ্জামান মোহন, শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকের হোসেন শিপন এবং ইত্যাদি সংস্থার স্থায়ী পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে শ্রমিক দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক পথনাটক পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সমাপনী বক্তব্যে সভাপতি আবদুল্যাহ ইবনে সাজিদ (তাহমিদ) বলেন, তরুণ প্রজন্মকে সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ‘মুক্ত পাঠাগার’ ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা ও সংস্কৃতিবান্ধব আয়োজন অব্যাহত রাখবে। তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :