• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মে, ২০২৬

কুরআনের সুরে বিশ্ব জয়ের স্বপ্ন ১২ বছরের ক্ষুদে হাফেজ তাহমিদের

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
মেধা আর একাগ্রতার সমন্বয়ে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ১২ বছর বয়সী খুদে হাফেজ ইজহার ইশতিয়াক তাহমিদ। চলতি বছরে চারটি পৃথক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিটিতেই সাফল্যের স্বাক্ষর রেখে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সে।
ইজহার ইশতিয়াক তাহমিদ কোম্পানীগঞ্জ বসুরহাটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদ্রাসা দারুল আরকাম’-এর হিফজ বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী।

তাহমিদ এই বছর ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। এছাড়া দেশখ্যাত হুফফাজুল কুরআন প্রতিযোগিতায় সে ৩য় স্থান এবং জীবন আলো হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২১তম স্থান অর্জন করে নিজের মেধার জানান দিয়েছে। সর্বশেষ সৌরভী শিল্পী গোষ্ঠী আয়োজিত প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পেয়ে সে জেলা পর্যায়ের জন্য মনোনীত হয়েছে।

বসুরহাট ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল রোডস্থ রুহি টাওয়ারে অবস্থিত এই মাদ্রাসাটিতে বর্তমানে এই মাদ্রাসার হিফজ বিভাগে ৫০ জন শিক্ষার্থী কুরআন হিফজ করছে, যাদের মধ্যে তাহমিদ তার অনন্য সাফল্যের মাধ্যমে সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তাহমিদের এই সাফল্যে উচ্ছ্বসিত তার সহপাঠীরা।

তাহমিদ জানায়, আমি শুধু দেশেই নয়, বরং সারা বিশ্বে কুরআনের সুর ছড়িয়ে দিতে চাই এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশের নাম উজ্জ্বল করতে চাই। আমি যেন একজন আদর্শ হাফেজ হয়ে দ্বীনের খেদমত করতে পারি, সেজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”
খুদে এই হাফেজের অসামান্য অর্জনে খুশি তার শিক্ষক, পরিবার ও এলাকাবাসী। সকলেই প্রত্যাশা করছেন, আগামীতে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুরআনের আলো ছড়িয়ে নোয়াখালী তথা পুরো দেশের নাম উজ্জ্বল করবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর