• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মে, ২০২৬

কোম্পানীগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৬

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তদন্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বাদামতলী বাজারের একটি বসতঘরে অভিযান চালিয়ে ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) ও মোঃ আজাদ হোসেন স্বপন (৪০)। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে, পুলিশের একই টিম পৃথক অভিযানে আরও ২ জনকে আটক করে। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম জানান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিচারিক প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর