• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মে, ২০২৬

মাইজদীতে ছাত্রদলের বিক্ষোভ ও সড়ক অবরোধ, ‘পকেট কমিটি’ বাতিলের দাবি

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে ঘোষিত জেলা, পৌর ও সদর উপজেলা ছাত্রদল কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। অছাত্র ও বিবাহিতদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হয়েছে-এমন অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন। এতে মাইজদী এলাকায় প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। সোমবার (৪ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জামে মসজিদের সামনে থেকে ছাত্রদলের একটি মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর অগ্রসর হলে ৮-১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

অবরোধ চলাকালে প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এ সময় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভের একপর্যায়ে ইটের আঘাতে এক পথচারী আহত হন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে ঘোষিত কমিটির ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের বাদ দিয়ে অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী। তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, মো. ওয়াসিম, জিহাদুল ইসলাম সজীব, শাহেদ বাবু, তারেক নুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর