
উপজেলা প্রতিনিধি, সদর :
সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইজদীতে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নোয়াখালী সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সদর উপজেলার হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক পরিবহন খাতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে জেলায় বছরব্যাপী সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মপরিকল্পনা অনুযায়ী মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত ট্রাফিক সিগন্যাল, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে রাস্তা পারাপার এবং গণপরিবহনে চলাচলের নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় এবং হিসাব সহকারী মো. মাসুদ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম। সেমিনারে প্রায় ৯০ জন শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :