• ঢাকা
  • শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মে, ২০২৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতেই শেষ ব্রিজের ঢালাই কাজ

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী জোড় পোল এলাকায় চারটি খালের সংযোগ স্থলে অবৈধ ভাবে বাঁধ দিয়ে পাকা ব্রিজ নির্মাণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দৈনিক নোয়াখালীর কথা পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত প্রতিবেদন নজরে এসেছে নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগের।

সোমবার (৪ মে) বিকালে নোয়াখালী সওজ বিভাগ থেকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুর রহিম।

পরিদর্শন শেষে কথা হলে তিনি জানান, সোনাইমুড়ীর ছাতারপাইয়া জোড়পোল এলাকার নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ঘেষে ব্রিজ নির্মাণের বিষয়ে কোন অনুমতি নেওয়া হয়নি। যেহেতু জেলা পরিষদের খালের ভেতরে ব্রিজটি নির্মিত হচ্ছে সেহেতু এই বিষয়ে কোন কিছু বলার ইখতিয়ার রাখেনা সড়ক ও জনপদ বিভাগ।

তবে খালের ভেতরে নির্মিত ব্রিজটি মহাসড়কের সাথে সংযোগ স্থাপনের কোন সুযোগ নেই। সড়কের গাইড পোস্টের মুখেই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। গাইড পোস্ট সরিয়ে ব্রিজের সাথে মহাসড়কের সংযোগ করলে তখন ব্যবস্থা নেবে সওজ বিভাগ।

এছাড়া গাইড পোস্ট ভেঙ্গে ফেলার বিষয়টি নিয়ে তিনি বলেন, যার মালিকানাধীন জমিতে চলাচলের জন্য এই ব্রিজ ব্যবহার হচ্ছে তাদেরকে গাইড পোস্ট ভাঙ্গার বিষয়ে চিঠি দেওয়া হবে।

এছাড়া সরেজমিন পরিদর্শন করে পাওয়া তথ্য তিনি উর্ধতন কর্মকর্তাকে জানাবেন। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলেও যুক্ত করেন তিনি।

এদিকে ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশ হওয়ায় গতকাল রাতেও তড়িঘড়ি করে চলেছে ব্রিজের নির্মাণ কাজ। ঢালাই সম্পন্ন হয়েছে ব্রিজের উপরিভাগে। আর এই নির্মাণ কাজের জন্য দেওয়া অবৈধ বাঁধের কারনে গত কয়েকদিন থেকে চলমান বৃষ্টির পানি জলাবদ্ধতা সৃষ্টি করেছে খাল গুলোতে।

আরও পড়ুন

  • . এর আরও খবর