
আজিজ আহমেদ, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলায় সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি ডেন্টাল ল্যাবরেটরির কার্যক্রম সাময়িক বন্ধ করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকেলে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নে পরিচালিত অভিযানে পপুলার ডেন্টাল ল্যাবরেটরি ও মা ডেন্টাল ল্যাবরেটরির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রতিষ্ঠান দুটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
পপুলার ডেন্টাল ল্যাবরেটরিতে অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র ও কাগজপত্র না থাকা এবং কর্মরত টেকনোলজিস্টদের পেশাগত সনদ প্রদর্শন করতে না পারায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ও ২৯ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মা ডেন্টাল ল্যাবরেটরিতে সরকারি অনুমোদন ও প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় একই আইনে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি, বৈধ কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনা না করার মুচলেকা নেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠান দুটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এনএসআইয়ের ফিল্ড কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :