
উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালীতে ১২টি দল নিয়ে “নোয়াখালী সুপার ফুটবল কাপ-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ক্রীড়াবিদ তাউস মোহাম্মদ বেনিয়ামিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং নোয়াখালী জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খানসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
টুর্নামেন্টে ছোট ও বড় বিভাগ মিলিয়ে মোট ১২টি দল অংশ নিচ্ছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত এসব দলে স্থানীয় তরুণ খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলা কয়েকজন ফুটবলারও রয়েছেন।
আয়োজক ও ক্রীড়াবিদ তাউস মোহাম্মদ বেনিয়ামিন চৌধুরী বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় রাখে। এই আয়োজন নোয়াখালীর ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি হবে বলে আমরা আশাবাদী।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শফিকুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ক্রীড়া আয়োজনকে সহযোগিতা করা হবে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শকদের জন্য বসার ব্যবস্থা, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল মাঠে দায়িত্ব পালন করছে। এছাড়া ফাইনাল খেলাকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য আকর্ষণীয় ট্রফির পাশাপাশি নগদ অর্থ পুরস্কার রাখা হয়েছে। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককে পৃথক পুরস্কার দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :