• ঢাকা
  • মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ মে, ২০২৬

কদমতলার মাঠে হাজারো ফুটবলপ্রেমীর ঢল, প্রধান অতিথি সাবেক অধিনায়ক মামুনুল

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জের কদমতলা ফুটবল মাঠে এক উৎসবমুখর পরিবেশে উদয় এইড ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে কদমতলার খেলার মাঠটি যেন রূপ নিয়েছিল এক উৎসবের জনসমুদ্রে।

​টুর্নামেন্টের এই জমকালো ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক ও তারকা ফুটবলার মামুনুল ইসলাম। প্রিয় ফুটবল তারকাকে নিজেদের মাঠে কাছ থেকে দেখতে পেয়ে স্থানীয় ক্রীড়ামোদী ও দর্শকদের মাঝে অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা যায়। পুরো মাঠজুড়ে তৈরি হয় করতালি ও ফুটবল উন্মাদনার এক দৃষ্টিনন্দন পরিবেশ।

​ফাইনাল খেলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী দল আদর্শ স্পোর্টিং ক্লাব (আবু মাঝির হাট) ও ফেনী জেলার শাহী পুর স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। মাঠের লড়াইয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে শাহী পুর স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নোয়াখালীর আদর্শ স্পোর্টিং ক্লাব।

​উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট মামুনুর রশীদ মামুনের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উদ্বোধক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কলামিস্ট মোঃ শাহ আলম এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ হানিফ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

​খেলা শেষে প্রধান অতিথি মামুনুল ইসলাম ও পৃষ্ঠপোষক এডভোকেট মামুনুর রশীদ মামুনসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। বক্তারা প্রত্যন্ত অঞ্চলে ফুটবলের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার বিনোদনে ধরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর