
নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর সদর হাসপাতালের ডা. নাসির ইসলামের ওপর নেক্কারজনক ও বর্বরোচিত হামলা এবং সাম্প্রতিক সময়ে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সরকারি-বেরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নোয়াখালী এবং জেলায় কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ড্যাব নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার, ওজিএসবি নোয়াখালীর সভাপতি ডা. মাছুম আখতার, এনডিএফ নোয়াখালীর সভাপতি ডা. সোহরাব ফারুকী, সাধারণ সম্পাদক ডা. ফরিদুল ইসলাম, ডা. শাহাদাৎ হোসেন রোমেল, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নোয়াখালীর আহবায়ক সাইদুল ইসলাম সাইদ।
মানববন্ধনে বক্তারা বলেন- বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে হাসপাতাল এবং ডাক্তারদের ওপর এভাবে ঘন ঘন হামলার ঘটনা ঘটে না। কোনো অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে ‘ডাক্তারের অবহেলায় মৃত্যু’ বলে নিউজ করে দেওয়া কাম্য নয়। কোনো অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো যেত, কিন্তু এভাবে অমানুষের মতো আক্রমণ করা নজিরবিহীন।
বক্তারা বলেন- শরীয়তপুর সদর হাসপাতালের ডা. নাসির ইসলামের ওপর নেক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় দ্রুত তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা এবং অনতিবিলম্বে ‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানান। এরপরে যদি আর কোনো চিকিৎসক লাঞ্ছিত হন, হাসপাতালে হামলার ঘটনা ঘটে, তবে চিকিৎসক সমাজ ও হাসপাতাল মালিকরা আর ঘরে বসে থাকবে না। দাবি আদায়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুশিয়ারী দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :