• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ মে, ২০২৬

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ

নুশরাত রুমু, সদর :
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় মাইজদী জেলা প্রশাসকের কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এতে নিহত ১৫ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৭৫ লাখ টাকা এবং আহত ১৪ জনের মধ্যে ৮ জনকে ১ লাখ টাকা করে ও গুরুতর আহত ৬ জনকে ৩ লাখ টাকা করে সর্বমোট ২৬ লাখ টাকা প্রদান করা হয়। সবমিলিয়ে ২৯টি চেকের মাধ্যমে ১ কোটি ১ লাখ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, নোয়াখালী জেলা মালবাহী ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবুল বাহার এবং বৃহত্তর নোয়াখালী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, মালিক, যাত্রী, পথচারী, হেলপার, সুপারভাইজার ও কন্ডাক্টরসহ সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক ও সামাজিক দায়িত্ব। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর