
নুশরাত রুমু, সদর : মাইজদীতে শিশু কিশোর মেলা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তধারা’র উদ্যোগে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে ২০২৬) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসায় চলমান নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন শিশু কিশোর মেলার সম্পাদক দীপা মজুমদার, নোয়াখালী জেলা সংগঠক রবিউল ইসলাম, মুক্তধারার উপদেষ্টা মুনতাহার প্রীতি এবং অভিভাবক নয়ন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রাপ্তি নারী সংস্থার প্রতিনিধি আরমান আক্তার মুনা প্রমুখ।
বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করারও আহ্বান জানান তারা।
সমাবেশ পরিচালনা করেন মুক্তধারার সংগঠক সইফুল ইসলাম সাকিব।
আপনার মতামত লিখুন :