• ঢাকা
  • সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ মে, ২০২৬

হাতিয়াতে মাছ ব্যবসায়ী বাবুলকে ‘অস্ত্র নাটকে’ গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হাতিয়ায় টাংকির ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মোঃ বাবুলকে ‘অস্ত্র নাটক’ সাজিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে তার মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে বাবুলের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গ্রেফতারকৃত বাবুলের ভাই সুজন মেম্বার। তিনি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বাবুলকে ফাঁসানোর চেষ্টা করছে। গত ২৩ মে ভোর রাতে মিথ্যা তথ্যের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ডের একটি দল বাবুলকে আটক করে এবং পরে তার কাছ থেকে একটি এলজি অস্ত্র উদ্ধার দেখিয়ে মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, বাবুল দীর্ঘদিন ধরে টাংকির ঘাট এলাকায় সুনামের সঙ্গে মাছের ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে পূর্বে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নেই। তাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বাবুলের পরিবারের সদস্যরা দাবি করেন, প্রকৃত ঘটনা তদন্ত না করেই তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং বাবুলের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।

এসময় উপস্থিত এলাকাবাসীও বাবুলের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সংবাদ সম্মেলন শেষে স্থানীয় জনগণ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাবুলের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, একজন নিরীহ মাছ ব্যবসায়ীকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। তারা দ্রুত বাবুলের মুক্তি এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর