প্রকাশিত: ২৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ মে, ২০২৬

হাজারো মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই জামাতে অংশ নেন। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।

মুসল্লিদের অনেকের গায়ে নতুন পাঞ্জাবি ও মাথায় টুপি ছিল। জায়নামাজ আনতে বারণ করলেও অনেকে এনেছেন। কেউ আবার সঙ্গে করে পানির বোতল ও ছাতা নিয়ে আসেন, কারণ আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। সব বয়সী মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ এলাকা পরিণত হয়েছে মিলনমেলায়।

শিশু-কিশোররাও অভিভাবকদের সঙ্গে ঈদগাহে এসেছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের নামাজ আদায়ের আনন্দ ভাগাভাগি করতে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাঠে প্রবেশের সময় কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে মুসল্লিরা নির্ধারিত গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন।

প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও রাজনীতিবিদ, কূটনীতিক, বুদ্ধিজীবী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর