
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : জেলা জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) আসরের নামাজের পর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গিয়াস উদ্দিন খোকন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল দেশপ্রেম, আত্মনির্ভরশীলতা ও জাতীয় ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সহমর্মিতার মাধ্যমেই একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গিয়াস উদ্দিন খোকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে তাঁর নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন। তিনি বলেন, দেশ গঠনের আগামী দিনের অভিযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
দোয়া শেষে উপস্থিত মুসল্লিরা প্রয়াত নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনা করেন এবং দেশের স্থিতিশীলতা, অগ্রগতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাতে অংশ নেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :