
হারুনুর রশীদ, রিপোর্টার : সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সফিগঞ্জ বাজার এলাকায় মাদক সেবন ও মাদকের অবাধ ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন চললেও তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, সফিগঞ্জ দক্ষিণ বাজারের পুরাতন কেজি স্কুল ভবনটি বর্তমানে মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, রাতের বেলায় একদল মাদকসেবী স্কুলের দরজা ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করে থাকে।
এলাকার সচেতন ও গণ্যমান্য ব্যক্তিরা কয়েকবার এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করলেও মাদকসেবীরা তা উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের দাবি, মাদকের বিস্তারের ফলে এলাকায় চুরি, ছিনতাই, অটোরিকশা চুরি এবং বসতবাড়িতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকসেবীদের অবাধ বিচরণ এবং তাদের বেপরোয়া আচরণের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের চলাচলে নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সফিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিত্যক্ত স্কুল ভবনটি সুরক্ষিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :