• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে দুই ব্যক্তির ১ লক্ষ টাকা অর্থদণ্ড: জব্দ ২ ট্রাক মাটি

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জ উপজেলায় পরিবেশ বিধ্বংসী অবৈধ মাটি কাটা এবং সড়ক আইন অমান্য করে অতিরিক্ত বালু পরিবহনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভূমিহীন বাজার সংলগ্ন একটি প্রজেক্ট থেকে প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে ট্রাকে করে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই ট্রাক ভর্তি মাটি জব্দ করা হয়। পরে অননুমোদিতভাবে মাটি কাটার অপরাধে মাহফুজুর রহমান নামের এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।

এদিকে উপজেলার পেশকারহাট রাস্তার মাথা এলাকায় অপর এক অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় রেজিস্ট্রেশনবিহীন এবং ওভারলোডেড (অতিরিক্ত বোঝাই) বালুবাহী একটি ট্রাক আটক করে মোবাইল কোর্ট। ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো ও বালু বহনের দায়ে উক্ত ট্রাকের চালক মো: রুবেলকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত চালক রুবেলকে ঈদের আগেও একই অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

এই বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, দণ্ডপ্রাপ্ত উভয় ব্যক্তিই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন। উপজেলার পরিবেশ রক্ষা এবং সড়ক ও জনপথের নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত মাটি কাটা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর