
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সেনবাগ প্রতিনিধি: গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে সেনবাগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মোছলে উদ্দিন।
বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আহম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা কর, সেনবাগ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, সেবা গ্রহণের পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :