• ঢাকা
  • শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুন, ২০২৬

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: বেগমগঞ্জে নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন সেতুর নিচে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম হোসেন শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হকসাবের ছেলে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বিদেশ থেকে দেশে ফেরা তার মামার সঙ্গে দেখা করতে বুধবার বিকেলে সাইকেলযোগে গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারী বাড়িতে যান সাদ্দাম। রাত ৯টার দিকে সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দিলেও তিনি আর বাড়ি পৌঁছাননি। রাত গভীর হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

নিহতের মামা মো. ইমাম আলী জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি নির্মাণাধীন সেতুর নিচে খালে একটি মরদেহ ভাসতে দেখার খবর দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি সাদ্দামের মরদেহ হিসেবে শনাক্ত করেন। তিনি দাবি করেন, মরদেহের হাত, নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের আশপাশে সাদ্দামের মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়া গেলেও তার ব্যবহৃত সাইকেলটির কোনো সন্ধান মেলেনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সাইকেলটি না পাওয়ায় ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর