
নুশরাত রুমু, সদর : ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে বিভিন্ন সময়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সিভিল সার্জন কার্যালয় ও পৌরসভা। বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনগণকে সচেতন করার উদ্দেশ্যে নিয়মিতভাবে র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়, নোয়াখালীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়।
র্যালিতে জেলা প্রশাসকের প্রতিনিধি, হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধিসহ সিভিল সার্জন কার্যালয় এবং জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, নারিকেলের খোসা, ভাঙা পাত্র কিংবা ছাদে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
র্যালি থেকে স্বাস্থ্যকর্মীরা জনগণের উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। প্রত্যেকে যদি নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখেন, তাহলে ডেঙ্গু বিস্তার রোধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন” এই বার্তাকে সামনে রেখে সবাইকে সচেতন হতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন :