
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার উপজেলার সিরাজপুর ইউনিয়নের যোগীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বিরাহীমপুর এলাকার (৪ নম্বর ওয়ার্ড) মৃত বজলুর রহমানের ছেলে ইমাম উদ্দীন (৫৫) ও একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে তাজুল ইসলাম ওরফে দিদার হোসেন (৩৫)।
পুলিশ জানায়, আজ কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার ও উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজপুর ইউনিয়ন এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায়। যোগীদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্দেহভাজন হিসেবে স্থানীয় লোকজনের সহায়তায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩৬ পিজ ইয়াবা উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নম্বর-০৮) করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :