• ঢাকা
  • শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জুন, ২০২৬

সেনবাগে মাদক কারবারির হামলায় যুবক নিহত, আহত ৩

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের সোমবারিয়া বাজার এলাকায় মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

সোমবার রাতে এলাকায় মাদক সংক্রান্ত কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, হারুন মিয়া (২৬) ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বাজার এলাকায় কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ফাহিমসহ ৪ জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন ফাহিম মারা যান। আহত অপর ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এছাড়া হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সেনবাগ থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর