
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আপন ভাইয়ের বিরুদ্ধে মারধর, বসতঘরে ভাঙচুর অগ্নিসংযোগ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নরোত্তমপুর ইউনিয়নের মোস্তফা হাফা সংলগ্ন আবু কালামের নতুন বাড়িতে বসবাসরত ফয়েজ উল্লাহ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাই শরীফ উল্লাহর বিরোধ চলে আসছে। ভুক্তভোগীদের দাবি, শরীফ উল্লাহ বিভিন্ন সময় তাদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছেন এবং বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন।
অভিযোগে বলা হয়, সম্প্রতি জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে শরীফ উল্লাহ তাদের বসতঘর ও পাক ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ঘরের ভেতরে থাকা আলমারি, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঘরের বৈদ্যুতিক মিটার ভেঙে ফেলা এবং ঘরে তালা লাগিয়ে পরিবারটিকে ঘরছাড়া করে রাখার অভিযোগও করা হয়েছে। এতে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ফয়েজ উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে শরীফ উল্লাহ আমাকে নানাভাবে হয়রানি করে আসছে। সে জোরপূর্বক আমার জায়গা দখলের চেষ্টা করছে। সর্বশেষ আমার ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং আমাদের পরিবারকে ঘরছাড়া করে রেখেছে।
ভুক্তভোগী ও অভিযুক্তের বাবা জানান, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, শরীফ একটু উত্তেজিত স্বভাবের। তারপরও আমরা পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, শরীফ উল্লাহ প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে এলাকার মানুষের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও ঝামেলা সৃষ্টি করেন।
এ ঘটনায় নাছরিন আক্তার বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আপনার মতামত লিখুন :