
নুশরাত রুমু, সদর : মাইজদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সুধারাম থানাধীন মাইজদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া পাটোয়ারী বাড়ির মুখসংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মো. রাকিবুল হাসান (২১) নামে এক যুবককে আটক করা হয়।
আটক রাকিবুল হাসান বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রায়েরহাট আলাদীনগর এলাকার বাসিন্দা এবং মো. আব্দুল বাতেনের ছেলে।
পুলিশের দাবি, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :