• ঢাকা
  • রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ: ‘যুক্তির আলোয় গড়ি আগামীর নেতৃত্ব’—এই স্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে কোম্পানীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উদয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।

দুই দিনব্যাপী চলা এই মেধার লড়াইয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি দল অংশ নেয়।

​উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সদস্যরা সার্বিক পরিচালনা করেন। দুই দিনের এই প্রাণবন্ত যুক্তিতর্কে শিক্ষার্থীরা তাদের চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি তুলে ধরে।

​বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত ও সমাপনী পর্বে কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলকে চমৎকার যুক্তির লড়াইয়ে পরাজিত করে গৌরবময় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

​উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বিশেষ আদালতের মাননীয় জেলা জজ শফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে যুক্তিবাদী সমাজ গড়ার আহ্বান জানান এবং পরে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে সম্মাননা ট্রফি ও পুরস্কার তুলে দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন।

​এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন।

​সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মেধা, যুক্তি ও সুপ্ত নেতৃত্ব বিকাশে এ ধরনের ব্যতিক্রমী ও সুশৃঙ্খল আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এই দ্বীনি ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় এই উদ্যোগ সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা গভীর আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর