• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ জুন, ২০২৬

দ্বীপ উন্নয়ন সংস্থার RAISE প্রকল্পের চাকরি মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সংস্থার Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের উদ্যোগে মাইজদীতে দিনব্যাপী চাকরি মেলা (জব ফেয়ার-২০২৬) অনুষ্ঠিত হয়েছে।

রোববার মাইজদীর নাইস গেস্ট হাউজে অনুষ্ঠিত এ চাকরি মেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর আহম্মদ ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো. আহছানুল করিম সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ঋণ সমন্বয়কারী মো. তামজিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

মেলায় ওয়ালটন গ্রুপ, হিরো হোন্ডা, সিঙ্গার, গ্লোব সফট ড্রিংকস, সিলভা ফার্মাসিউটিক্যালস, প্রাইম হাসপাতাল, বেস্ট ইলেকট্রনিক্সসহ বিভিন্ন স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ২০০ জন তরুণ-তরুণী মেলায় অংশ নেন। তারা সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা, তাৎক্ষণিক সাক্ষাৎকার এবং নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

প্রধান অতিথি জাফর আহম্মদ ভূঁইয়া বলেন, দেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য দ্বীপ উন্নয়ন সংস্থার এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের পরামর্শ দেন।

বিশেষ অতিথি মো. আহছানুল করিম সোহেল বলেন, বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ কর্মজীবনে সফলতার অন্যতম ভিত্তি। কর্মমুখী প্রশিক্ষণ তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আশা প্রকাশ করেন, বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর