
নুশরাত রুমু, সদর: নোয়াখালীর বরেণ্য শিক্ষাবিদ, সংস্কৃতিজন ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক বিমলেন্দু মজুমদার আর নেই। সোমবার (১৫ জুন ২০২৬) রাত সাড়ে ১১টায় নোয়াখালী শহরের হরিনারায়ণপুর মাস্টারপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিমলেন্দু মজুমদার ছিলেন নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের এক সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাবেক সভাপতি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালী শাখা ও উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নোয়াখালী সঙ্গীত বিদ্যালয় ও ললিত কলা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সংগঠক এবং নোয়াখালী সদরের পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তুলতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন এলাকায় গণসঙ্গীত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাধারে তিনি ছিলেন দক্ষ তবলা বাদক, নাট্যশিল্পী ও গীতিকার। তাঁর রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— “আমরা মেঘনা চরের হোলা, আমরা মেঘনা চরের মাইয়া”, “ও আমার ঘরের শোভা নকশী কাঁথা, মাঠের শোভা ধান” এবং “কেন বাংলাকে ভালোবাসি জানো কি?”।
পারিবারিকভাবে তিনি হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সীমা মজুমদারের পিতা। শিক্ষা ও সংস্কৃতিতে তাঁর দীর্ঘ অবদান নোয়াখালীবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষামহল ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :