• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুন, ২০২৬

মাইজদীতে ইমাম-খতিবদের নিয়ে দিনব্যাপী মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

নুশরাত রুমু, সদর : মাইজদীতে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেমদের অংশগ্রহণে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন মঙ্গলবার (১৬ জুন ২০২৬) নোয়াখালীর সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ধর্মীয় নেতা, ইমাম, খতিব, আলেম, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও যুব সংগঠকরা অংশ নেন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ। এছাড়া বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালীর উপপরিচালক মুহাম্মদ জাকের হোসাইন এবং সহকারী পরিচালক মো. আবদুল মবিন মিয়া।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমগ্র সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ইমাম, খতিব ও আলেমদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, জুমার খুতবা, ওয়াজ মাহফিল ও বিভিন্ন ধর্মীয় আলোচনায় মাদকের কুফল তুলে ধরা হলে যুবসমাজকে এ ভয়াবহ ব্যাধি থেকে দূরে রাখা সম্ভব হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী আলেমরা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে দেশ, জাতি এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর