• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৬

মাইজদীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নুশরাত রুমু, সদর : মাইজদীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ বছর বয়সী তাসিফ নামে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাসিফ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। একই সঙ্গে সে মারাত্মক নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল। বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১০৭ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৪ জন শিশু।

হাসপাতালে বর্তমানে দুটি আইসোলেশন সেন্টারে মোট ৪০টি শয্যা রয়েছে। তবে রোগীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় বেশি হওয়ায় শয্যাসংকট দেখা দিয়েছে। ফলে অনেক শিশুকে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে সংক্রামক রোগের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, “পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন সেন্টার ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর