• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৬

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলায় মাদকসেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ কার্যকরের জন্য তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের সিরাজ মাস্টার বাড়ির নুর নবীর ছেলে মো. বাদশা এবং একই ইউনিয়নের পলতি মিজি বাড়ির মো. ফারুকের ছেলে ফখরুল ইসলাম রানা (২৮)। আদালত মো. বাদশাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং ফখরুল ইসলাম রানাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার মতইন গ্রামের সাহাব উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযুক্তরা অপরাধ স্বীকার করলে তাদের বিরুদ্ধে উল্লিখিত দণ্ডাদেশ প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর