
নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে রাজধানীতে আলোচনা সভা, সাংস্কৃতিক আবহ এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয় উত্তরনী সংসদ’।
শনিবার (২০ জুন) রাজধানীর বাংলামোটরে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের চতুর্থ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া এ আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও সুরসম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আবু তারিখ। প্রধান আলোচক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক রফিকুজ্জামান, কবি রেহানা সুলতানা, সার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি এ টি এম মমতাজুল করিম এবং সিনিয়র সাংবাদিক ও লেখক জ. ই. বুলবুলসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর ও সমাজসেবিকা হেলেন এ নাসরিন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রায় ২০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির তৃণমূল রাজনীতিতে বিশেষ ভূমিকা রাখায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, কারিগরি শিক্ষা ও বৈদেশিক কর্মসংস্থানে অবদান রাখায় এশিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট ঢাকার পরিচালক মো. দেলোয়ার হোসেন ইমন, বেগমগঞ্জে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখায় সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি সাহাব উদ্দিন এবং কারিগরি শিক্ষায় অবদান রাখায় নোয়াখালী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও সংগঠক মো. গোলাম রব্বানী এবং সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল।
আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতির দুই উজ্জ্বল নক্ষত্রকে স্মরণ করার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা মানুষদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :