• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীন হোটেল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক ভোক্তার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার ‘আজমিরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির ডিসি অফিসের বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। একই সঙ্গে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছে। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেলের ব্যবস্থাপককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত উভয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন।

এদিকে, আরেক ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের তালের চারা এলাকার ‘আবুল স্টোর’-এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে গত বছর (২০২৫ সালে) মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রায় ১৯ ধরনের খাদ্যপণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল কোমল পানীয়, জুস, বিস্কুট, চিপস, চানাচুর, সরিষার তেল, ড্রাই কেক, ঝাল মুড়ি, ইনস্ট্যান্ট নুডলস ও বিরিয়ানি মসলা। পরে একই আইনের আওতায় ওই দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সব পণ্য স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বার্থে এবং ভোক্তার অধিকার সুরক্ষায় বাজারে এ ধরনের তদারকি ও ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর