
নুশরাত রুমু, সদর : নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের জন্য কার্যকর সেবা নিশ্চিতকরণে মাইজদীতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এ এন এম নাসির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
সভায় ইউএনএফপিএর নোয়াখালী ফিল্ড অফিসার ডা. সাদিয়া শামরিন হৃদি জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে একটি ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদান করেন। এ সময় তিনি ‘প্রিভেইল’ প্রকল্পের আওতায় বাংলাদেশ পুলিশের সঙ্গে ইউএনএফপিএর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, মানবাধিকার সংগঠন, এনজিও এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভুক্তভোগীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে রেফারেল কার্ডের ব্যবহার বৃদ্ধি, তথ্য আদান-প্রদান জোরদার এবং জেলা ও উপজেলা পর্যায়ে ‘জিবিভি রেফারেল পাথওয়ে’ ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এ এন এম নাসির উদ্দিন বলেন, “জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল প্রতিষ্ঠানের সমন্বিত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য ইউএনএফপিএকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :