
নুশরাত রুমু, সদর : ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে মাইজদীতে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাইম কেয়া। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, গত এক বছরে (জুন ২০২৫-জুন ২০২৬) নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১ হাজার ৬৮৮টি অভিযান চালিয়ে ৩৫৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এসব অভিযানে ১ লাখ ১৬ হাজার ৪২৫ পিস ইয়াবা, ১৩২ দশমিক ৯৬ কেজি গাঁজা, ৩৩ লিটার চোলাই মদ, ১৫ বোতল ফেন্সিডিল, ৭৭০ লিটার মিথানল স্পিরিটসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি অস্ত্র, গুলি, নগদ অর্থ, মোবাইল ফোন ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে।
এছাড়া গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলায় ১৯টি আলোচনা সভা ও সেমিনার, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি বক্তৃতা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি, পথসভা, পথনাটক, বিতর্ক, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম পরিচালনার তথ্য তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :