
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে জনতা ব্যাংক পিএলসি ও চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে সোমবার জনতা ব্যাংক পিএলসি সেনবাগ শাখা কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জনতা ব্যাংক পিএলসি সেনবাগ শাখার প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং নোয়াখালী এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক ইউসুফ হুসাইন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসির নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (ইনচার্জ) সুলতানা রাজিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মো. শরীফ উল্লাহ, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক, এম এ আলী উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর আমিরুল উম্মাত আলিম মাদ্রাসার সভাপতি এবং সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম. এ. আজিম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, একাডেমিক সুপারভাইজার মো. নুরুজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, বিআরডিবির চেয়ারম্যান ও চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল হান্নান লিটন এবং সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
আলোচনা সভা শেষে জনতা ব্যাংক পিএলসি ও চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুসারে জনতা ব্যাংক পিএলসির নিজস্ব অনলাইন পেমেন্ট সিস্টেম ‘Janata Pay Payment Gateway’-এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও চার্জ আদায়ের কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জনতা ব্যাংকের ডিজিটাল সেবা ও অনলাইন ফি আদায় ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় সেনবাগ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ সেবা সেনবাগ শাখার পাশাপাশি ছাতারপাইয়া, সেবারহাট ও ফকিরহাট শাখা থেকেও পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন :