
উপজেলা সংবাদদাতা, হাতিয়া: হাতিয়া দ্বীপ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কলেজের বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে রঙিন বেলুন, ফেস্টুন ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের একাডেমিক কার্যক্রম, নিয়মনীতি ও ঐতিহ্য সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার খালেদ রিয়াজ, বাংলা বিভাগের প্রভাষক কামরুল হাসান রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ইফতেখার মোশাররফ রিফাত এবং সাজ্জাদ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল, হাতিয়া উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহি, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদের রহমান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ইমন এবং কলেজ ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম রোহান।
অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, হাতিয়ার মতো উপকূলীয় ও বিচ্ছিন্ন অঞ্চলের শিক্ষার্থীরাই এ এলাকার ভবিষ্যৎ। তারা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে কলেজে এসেছে। অধ্যবসায়, সততা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষপর্বে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশিত হয়। প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা ঘটে।
আপনার মতামত লিখুন :