• ঢাকা
  • শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০২৬

মাইজদীতে নজরুল বর্ষের উদ্বোধন

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা ও সাহিত্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মাইজদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নজরুলের আদর্শ ও মানবিক মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠায় বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন।

এর আগে, একই দিনে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন ঘোষণা করেন। এর অংশ হিসেবে নোয়াখালীতেও আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান যুগে যুগে অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জুগিয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়েছে এবং নজরুলের চেতনা নতুন প্রজন্মকে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করছে।

তারা আরও বলেন, এই চেতনাকে তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের উদ্যোগে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, পুলিশ সুপার এন.এম. নাসিরুদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব, জেলা কালচারাল কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উল্লাহসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন