
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০০-এরও বেশি শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ‘স্পোকেন ইংলিশ’ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’—এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে বিশিষ্ট উদ্যোক্তা ও সমাজসেবক ওমর আলী রাজ-এর বিশেষ উদ্যোগে এবং ‘হানিফ আমেরিকান আইটি সেন্টার’-এর ব্যবস্থাপনায় এই ব্যতিক্রমী শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে কোম্পানীগঞ্জের আরটি শপিং মলের ৪র্থ তলায় অবস্থিত হানিফ আমেরিকান আইটি সেন্টার মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা ও কেক কেটে এই ফ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান যুগে আন্তর্জাতিক যোগাযোগ এবং ক্যারিয়ার গঠনে ইংরেজির কোনো বিকল্প নেই। সম্পূর্ণ বিনামূল্যে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে ইংরেজি শেখানোর এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই কোর্সটি তরুণদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের ভবিষ্যৎ গড়তে বড় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন এবং হানিফ আমেরিকান আইটি সেন্টারের কর্মকর্তা শাফায়াত। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোর্সের কারিকুলাম ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান ইংরেজি ট্রেইনার আবদুল্লাহ আল মামুন।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, ‘ইংরেজিতে দক্ষ হোন, নিজের ভবিষ্যৎ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৪ সাল থেকে কাজ করছে প্রতিষ্ঠানটি। এবারের বিশেষ কোর্সে শিক্ষার্থীদের Spoken English প্রাকটিস, Writing Skills উন্নয়ন, Conversation Practice, চাকরি বা উচ্চশিক্ষার জন্য Interview Preparation এবং Confidence Building-এর ওপর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :