প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুলাই, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইজদীতে র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজকরা।

আরও পড়ুন