প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের সর্বমোট ১ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার সিরাজপুর ইউনিয়ন ও বসুরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড ও জরিমানা করা হয় ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম। অভিযানে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।

আদালত সূত্র জানায়, বিকেলে সিরাজপুর ইউনিয়নে গাঁজা সেবনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে অরুণ চন্দ্র দাশ (৪৭) নামের এক সেলুন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বসুরহাট বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে বসুরহাট স্টার লাইন বাস কাউন্টারের হেড ম্যানেজার ফখরুল হোসেন (৫৮) ও ফোরম্যান জামাল উদ্দিন (৫০)-কে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা গাঁজা সেবনের কথা স্বীকার করায় ফখরুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা এবং জামাল উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম  বলেন, অভিযানে মোট তিনটি মামলা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা জরিমানার টাকা পরিশোধ করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর