
সিনিয়র প্রতিবেদক : মাইজদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে অজ্ঞান পার্টির সদস্যদের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন দুই পরীক্ষার্থী। তাদের কাছ থেকে স্বর্ণালংকার, পরীক্ষার প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে সড়কে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, নাঈমা ও শশী একই এলাকার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাপুরের দিকে যাচ্ছিলেন। পথে মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে ফেলে।
পরে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, পরীক্ষার প্রবেশপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চক্রের সদস্যরা। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার কারণে ওই দুই শিক্ষার্থী নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :